কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : এক মউলের কথা





-----
নেই  কাজ, আছে  শুধু
অভাব - অনটন
পেটের  টানেই
মউলে  জীবন।

বউ  কাঁদে, ছেলে  কাঁদে
চোখ  ছলছল
ঢেউ  কাঁদে  ডিঙি  কাঁদে
কাঁদে  নদীজল।

বিপদের  হাতছানি
জানি  আমি  জানি
চলবে  কিভাবে  দিন
যদি  মধু  নাহি  আনি।

বিদায়ের  পালা  শেষে
ডিঙি ভেসে  যাওয়া
যতদূর  দেখা যায়
চোখে  চোখে চাওয়া।

মনে ডাকি  বনবিবি
ফিরে  যেন  আসি
আমি ছাড়া ওরা সব
যাবে জলে ভাসি।
-------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক


রচনা তারিখ :০২.১১.২০০৯

মন্তব্যসমূহ

  1. অতি বাস্তব উচ্চারণ , রোজকার যুদ্ধ, কঠিন জীবনযাপন, মুঠোয় জীবন নিয়ে কাজ, এভাবেই বছর বছর জীবনধারণ, চলছেই

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার