কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : ভালবন্ধু






গাছেরও  আছে  অনুভূতি
তা কি জানো  ভাই
জগদীশ বোস বলে  গেছেন
এবার  জেনে  নাও।


গাছ  লাগিয়ে  ধরার  বুকে
বাড়াও  প্রাণবায়ু
গাছ  লাগিয়েই  বাড়াতে পারো
সভ্যতার  আয়ু।


সবুজপাতা   নড়বে   যেন
নাচের  তালে  তালে
বসবে  পাখি  বাঁধবে  বাসা
গাছের  ডালে  ডালে।


মৌমাছি  আর  প্রজাপতি
বসবে  ফুলে  ফুলে
গুন গুন গান গাইবে ভ্রমর
বাতাসে  সুর  তুলে।


গাছের  ফলে  ক্যালোরি পাবে
আর  ভিটামিন
শেষ  হবে  ধরার  থেকে
অপুষ্টির  দিন।


চারিদিকে  আওয়াজ  তোলো
গাছ  লাগানোর  ভাই
গাছের  চেয়ে  ভালো  বন্ধু
এ জগতে  নাই।

-----------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
রচনা তারিখ : ১৫/০৭/২০০৮

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন