কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : তোর ঐ





দশ বছর  আগে-------

তোর ঐ 
শূন্যে  ওড়া  চুল
আমার  সকল  কাজে  ভুল।

তোর ঐ
লাজুক  লাজুক  মুখ
আমি ভুলি  সকল  দুখ।

তোর  ঐ
রঙিন  রঙিন  টিপ
আমার  হৃদয় নদে ছিপ।

তোর ঐ
চোখের  কাজল  টান
মন  আমার  আনচান।

তোর ঐ
আড়  চোখেতে  চাওয়া
আমি  ভুলেছি নাওয়া খাওয়া।

তোর  ঐ
উদাসী  হয়ে  থাকা
আমার বুকটা  যেন ফাঁকা।

তোর ঐ
ইশারায়  মারা চড়
আমার হৃদয়ে তুলে  ঝড়।

তোর ঐ
স্বপ্ন  ভরা খুশ
আমি  হারিয়েছি  সব হুঁশ।

তোরে
একটু  দেখার রেশ
আমি যাইরে প্রেমের  দেশ।


এখন-----------

তোর ঐ
চুল  ভাতের  থালায়
আমি  ভাবি পালাই পালাই।

তোর ঐ
লাজুক লাজুক মুখ
পাই নারে আর সুখ।

তোর ঐ
রঙিন  টিপে  দেখি
সব- ই  কি ছিল মেকি !

তোর  ঐ
চোখের  কাজল  টান
আমার  স্বপ্ন  ভেঙ্গে  খান।

তোর  ঐ
আড়  চোখেতে  চাওয়া
আমার  প্রেম পিরিতি  হাওয়া।

তোর ঐ
উদাসী  হয়ে  থাকা
ভাবি তুই  একটি  ন্যাকা।

তোর  ঐ
ইশারায়  মারা  চড়
আমার যায় রে জ্বলে  ধড়।

তোর ঐ
স্বপ্ন  ভরা  আশা
ভাবি  বড়-ই সর্বনাশা।

তোরে
সকল  সময় দেখা
ভাবি  আমি  বড়-ই একা।


--------------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

বি: দ্রঃ
আমার এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে,বর্ধমান থেকে প্রকাশিত 'ভূমিপুত্রে'র বিশেষ সংখ্যায়।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার