কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা :সৃষ্টি




বীজ  মাটিকে  চুম্বন  করে
বলল  'আমায় একটু  ভালোবাসবে'।


মাটি  আকাশকে  বলল-
আমায়  একটু  ভিজিয়ে  দেবে
আহ্লাদে  কর্দমাক্ত  হয়ে
আলিঙ্গন  করবো  বীজকে।



আকাশ  বললো  মেঘকে।
এক পশলা  বৃষ্টি  হল।
বীজ বললো 'সূর্যদেব 
আমায়  একটু  আলো  দিও।'
সূর্যদেব  বললেন,'তথাস্তু'।



আলিঙ্গনের  উত্তাপ  আর  ভালোবাসার
অক্সিজেনে  আনন্দে  আত্মহারা  বীজ
সোনালি আলোয় দেখে সৃষ্টির স্বপ্ন।
বীজ থেকে বের হয় সবুজ চারাগাছ।


কবি; ডঃ গৌতম কুমার মল্লিক

বি:দ্রঃ 
কবিতা টি ২০০৮ সালে প্রকাশিত  আমার 'আমি আসছি' বই টি তে আছে।

মন্তব্যসমূহ

  1. কবিতা টি দারুণ হয়েছে।

    উত্তরমুছুন
  2. দারুণ। তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

    উত্তরমুছুন
  3. বা বেশ নূতন স্বাদ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার