কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : কেঁচো বন্ধুর কথা শোনো




শোনো শোনো  চাষীভাই
আমার  কথা   শোনো
দেখতে  আমায়  একটু  খারাপ
ঘৃণা  কোরো  না  যেন !

আমি  হলাম  বন্ধু  তোমার
বন্ধু  কেঁচো ভাই
কাঁচা  গোবর লতা পাতা
মনের  সুখে  খাই।

ভয়  পেয়ো  না  এগুলো আমি
রাখি  না আমার  পেটে
ফিরিয়ে  দিই  মাটিতে  আবার
সহজ  সরল রূপে।

মলের  সাথে  দিই  গো আমি
হরমোন  ভিটামিন
এসব  পেলে হৃষ্টপৃষ্ট
গাছ হয় দিন দিন।

মাটিতে  আমার নিবাস ওগো
মাটিতেই ঘোরাফেরা
হয়তো নিজের প্রয়োজনেই
মাটিতে গর্ত করা।

আমার  করা গর্ত দিয়ে
মাটিতে  ঢোকে  হাওয়া
নরম  মাটিতে  বাড়ে যে ফলন
তা তো তোমার - ই  চাওয়া  পাওয়া।

-----------
ডঃ গৌতম কুমার মল্লিক

প্রথম প্রকাশ :  সবুজ  ভাবনা
চতুর্দশ বর্ষ,৩ য়  সংখ্যা,১লা মার্চ,২০০১,বালী, হাওড়া

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার