কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : চুলচেরা





দেখতে  যেমন ই  হোক
উর্বশী  রম্ভা
মাথাতে  চাই  চুল 
হাত  দুই  লম্বা।

কটা  চুল  জটা  চুল
চুল  না কি ববছাট
সকলের সেরা  ছিল
আগে  জামবাটি ছাট।

চুল  রাখে  অনেকেই
করে   খুব  যত্ন
দেনা করে  হেনা  করে
চুল  তার রত্ন।

চুলকিয়ে  করে ঘা
কেউ না কি স্বভাবে
পরচুলা  পরে  কেউ
চুলের -ই অভাবে।

চুল ওঠা খুশকি
আনো  তেল  শ্যাম্পু
টাকপোকা  মাথাতে
ওরে  বাবা  হাম্পু।

চুল আছে  বলে ভাই
তল্লাশি চিরুণীর
উকুনের মত  খোঁজে
অপরাধী  ধরনীর।

চুল  আছে  বলে  ভাই
চুলোচুলি  আজও  তাই
চুলচেরা বিচারের
দিন শেষ হয় নাই।

পাকা  চুল চাপা দেয়
কলপের  রঙেতে
হিট  দিয়ে  বদলায়
চুল  নানা  ঢঙেতে।

তেল মেরে তেল মেরে
মাথা  কেউ  চুলকায়
একচুল  জায়গাও
ছাড়বেনা  কেউ  ভাই।

এত দামী  চুল  তবু
ভাতের  থালায়
ওয়াক ওয়াক থু থু করে
কেন  যে  সবাই ?

----------
কবি :ডঃ  গৌতম  কুমার  মল্লিক
রচনা : ২১.০৬.২০২০

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার