কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

পোস্ট মডার্ন পয়েট্রি : মানব অঙ্গ- প্রত্যঙ্গ







চুল   --চিরুণী  এখানেই  তল্লাশি চালায়।
মাথা --যাবতীয়  ব্যথা  কারণ।
কপাল -- যাবতীয় দোষ ইহার ঘাড়ে বর্তায়।
ভ্রু   --- আশ্চর্যান্বিত  বোঝাতে কোঁচকাতে হয়।
চোখ --রাঙানোর  অঙ্গ  বিশেষ।
নাক -- অপ্রয়োজনে গলানোর কাজে লাগে।
কান ---সবচেয়ে  অপমানজনক  অঙ্গ।
ঘাড়--- ধাক্কা দেওয়ার  উপযুক্ত  অঙ্গ।
ঠোঁট---চুমু  খাওয়ার কাজে লাগে।
মুখ --- মুখোশ  পরার  অঙ্গ বিশেষ।
গাল --আলতো  টিপলে  আদর  হয়।
বুক --- বেদনা জমানোর  ডিপফ্রীজ।
হাত --- কড়া  এখানেই  পরানো  হয়।
আঙ্গুলি---ইহার  হেলনে  অনেক কিছুই হয়।
পেট---যাবতীয়  উন্নয়নের  চাবিকাঠি।
পাছা---লাথি  মারার  সর্বোত্তম  স্থান।
হাঁটু--- বাতজ  বেদনা  উপভোগের  অঙ্গ।
পা ---- ল্যাং  মারার  অঙ্গ  বিশেষ।
হাড় --- বজ্জাতি  এখানেই  লুকিয়ে  থাকে।
মেরুদণ্ড ---- মচকালে আখেরে  লাভ।



               -------------*---------------
কবি :ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার কবিতা ও না কবিতার বই 'আমি আসছি'তে আছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার