কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : আজকের দিন

ভাগ্য + চেষ্টা = ফল 
ভাগ্য +ধান্দা+তৈল =সুফল
(জলে মকর এবং বনে সিংহ থাকায় রাত্রি ৭/৪/১৩ থেকে ডাঙ্গায় বৃষের তাড়া খেয়ে গৃহে মেষ রাশিতে অবস্থান)


মেষ :দাম্পত্য কলহ।ফোঁস না করে ম্যাও ম্যাও ডাকুন।

বৃষ: ঝুট ঝামেলা যোগ।নিজের শিং এ মাটি তাড়ুন।

মিথুন:প্রেমপ্রীতি যোগ।স্বপ্নালু চোখে বালিশে চুমু খান।


কর্কট:প্রীতিসঙ্গ লাভ।মুখে মধু পকেটে টান।

সিংহ:যোগাযোগ লাভ।তর্জন গর্জন ছাড়ুন, তৈলমর্দন করুন।

কন্যা :সম্মান যোগ।ঢাক পেটানোর এই তো সুযোগ।

তুলা:সমস্যাবহুল।ন্যাকা সেজে বোকা বোকা কথা বলুন।

বৃশ্চিক :ভুল বোঝাবুঝি।হার্ট না ফাটিয়ে চিৎকারে হাট ফাটান।


ধনু: ব্যয়বাহুল্য।প্রেমিকার সাথে যাত্রা নিষেধ।

মকর :প্রাপ্তিযোগ।অর্থ, আঘাত, পঞ্চত্ব -একটি প্রাপ্তি হচ্ছেই।

কুম্ভ :দুর্নাম যোগ।আগেভাগেই হাটে হাঁড়ি ভাগুন।

মীন:দুর্ঘটনা যোগ।আপনি আছেন এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা।

                           -------------
কবি :ডঃ গৌতম কুমার মল্লিক 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার