কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা: মাসটা ভাবো ফাগুন





বাতাসে  গুলির  শব্দ
মাসকেটর  আনাগোনা
আকাশ ফাটা আর্তনাদ
বাষ্প  চোখের জল।



ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে
লাফায়   কাতাহাট
মাটিতে  নাকি পড়ে  আছে
চাপ  চাপ  রক্ত দাগ।




টাকা পয়সা হাঁস মুরগী
ইজ্জ্বত ত্বক  লুট
প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ
সবকিছু   ফেলে  ছুট।




মারছো  যাকে   সদলবলে
কি  তার  অপরাধ
জানো কি তুমি তারও  আছে
বাঁচার  অধিকার।




সবার  চেয়ে  বড় পরিচয়
 তোমরা  মানুষ জেনো
মানুষকে  মানুষ  বলে
একটু তোমরা  মেনো।




বুকের ভিতর  তুষের  আগুন
ধিকি  ধিকি  জ্বলে
হিংসাতেই  বাড়ে  হিংসা
গুরুজনেরা  বলে।




ভালোবাসা  দিয়ে  নেভাও
তোমার মনের আগুন
আনন্দের  আবীর  মাখো
মাসটা  ভাবো  ফাগুন।

--------------///-----------

কবি : ডঃ গৌতম কুমার মল্লিক


রচনা: ২০.০৭.২০০৮
  • #বাংলাব্লগ
  • #লেখালেখি
  • #সাহিত্য
  • #কবিতা
  • #গল্প
  • #বাংলাভাষা
  • #বাংলাসাহিত্য
  • #বইপড়া
  • #বাংলাদেশ
  • #অনুভূতি
  • মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন

    এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

    কবিতা : জ্যান্ত লাশ

    কবিতা : নতুন বছর

    রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার