কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : তুমি থাকবে (অন্নদাশঙ্কর রায় স্মরণে)




কে  বলে  তুমি  আর  নেই?
তুমি  আছো  তুমি  ছিলে
এবং
তুমি  থাকবে  চিরদিন-ই।


যতদিন  থাকবে  বাঙালি
যতদিন থাকবে  বাংলাভাষা
যতদিন  হবে  গল্প  কবিতা ছড়া
নিবন্ধ  লেখা এবং
যতদিন মানুষের মনে থাকবে ভালোবাসা।


থাকবে  তুমি  ঘুমপাড়ানি  গানে
থাকবে  তুমি  সত্যের  সন্ধানে
থাকবে  তুমি   জাতির  উন্মেষে
থাকবে  তুমি  অন্ধকারে বিবেকবাতি  জ্বেলে।


শালি  ধানের  চিঁড়ে  থাকবে
ডালিম  গাছের  মৌ
আর  থাকবে উড়কি ধানের  মুড়কি
ও রাঙা  ধানের  খই।

তোমার  স্নেহ  ভালোবাসা
তোমার  আশীর্বাদ
ভারতবর্ষের  খোকা খুকুরা
যুগ যুগ ধরে পাক।

-/--/

কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি ;দ্রঃ
আমার লেখা এই কবিতাটি আমার বই 'আমি আসছি'(২০০৮) তে আছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার